সংগৃহীত ছবি
দক্ষিণী চলচ্চিত্রের ‘থালাপাতি’ খ্যাত সুপারস্টার বিজয়ের ব্যক্তিগত জীবনে বড় ধরনের অস্থিরতার খবর ছড়িয়ে পড়েছে। দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন বিজয় ও তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিগম। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির বিচ্ছেদের খবরে এখন বিনোদন দুনিয়ায় তোলপাড় চলছে।
জানা গেছে, সঙ্গীতা ইতিমধ্যে আইনিভাবে বিচ্ছেদের আবেদন করেছেন এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।
এই বিচ্ছেদের পেছনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। বিভিন্ন সূত্রের দাবি, জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরেই দীর্ঘদিনের এই সংসারে ফাটল ধরেছে। যদিও এ বিষয়ে বিজয় বা তৃষার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে এই গুঞ্জন তামিলনাড়ুর সাধারণ মানুষ ও ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অভিনয়ের পাশাপাশি বিজয় বর্তমানে রাজনীতিতেও সক্রিয়। তিনি নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা হিসেবে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এমন এক সংবেদনশীল সময়ে ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিচ্ছেদ সংক্রান্ত মামলাটি আগামী ২০ এপ্রিল পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
বিজয় ও সঙ্গীতার সংসারে দুই সন্তান রয়েছে। ভক্তদের একাংশ এই খবরে মর্মাহত হয়ে অভিনেতার সমালোচনা করলেও অনেকে একে তাঁর ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছেন। প্রতিকূল এই পরিস্থিতির মাঝেও বিজয় জানিয়েছেন, ভক্তদের ভালোবাসাই তাঁর মূল শক্তি এবং তিনি দেশ ও মানুষের জন্য কাজ করে যেতে চান।
সূত্র: এনডিটিভি, পিঙ্কভিলা

বিনোদন ডেস্ক 
























