সংগৃহীত ছবি
কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’ (KD: The Devil) মুক্তির অপেক্ষায় থাকলেও এর আগেই বড়সড় বিতর্কের মুখে পড়লেন বলিউড ডিভা নোরা ফাতেহি। সম্প্রতি প্রকাশ্যে আসা এই ছবির আইটেম সং ‘সারকে চুনার তেরি সারকে’ এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এই আলোচনা ইতিবাচক নয়, বরং গানের কথা ও নোরার আবেদনময়ী নাচ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকে একে ‘অশ্লীলতার চূড়ান্ত’ বলে দাবি করেছেন।
গানের মিউজিক ভিডিওটি মুক্তি পাওয়ার সাথে সাথেই ভাইরাল হয়। কিন্তু দর্শকদের একটি বড় অংশ এর লিরিক্স বা কথার দ্ব্যর্থবোধক ও কুরুচিপূর্ণ ইঙ্গিত নিয়ে প্রশ্ন তুলেছেন। নেটিজেনদের অভিযোগ, ২০২৬ সালে দাঁড়িয়ে আধুনিক সিনেমার যুগে এমন স্থূল রুচির গান কীভাবে তৈরি হতে পারে? সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে অনেকেই গানটি নিষিদ্ধ করার দাবি তুলেছেন। জনৈক ব্যবহারকারী লিখেছেন, “সৃজনশীলতার নামে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? শিল্প আর অশ্লীলতার পার্থক্য ঘুচিয়ে দেওয়া হচ্ছে।”
বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। গানটি শোনার পর বিস্ময় প্রকাশ করে তিনি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়েছেন। আরমান লিখেছেন:
“আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য আমি গানটি আরও একবার চালাতে বাধ্য হয়েছিলাম। আমি বিশ্বাস করতে পারছি না এমন লিরিক্স অনুমোদিত হয়েছে।”
আরমান মালিকের এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের ক্ষোভকে আরও উসকে দেয়। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। সমালোচনার মাঝে নোরার নাচের দক্ষতার প্রশংসা করতে ছাড়েননি তাঁর অগণিত ভক্ত। তাঁদের মতে, নোরা স্রেফ একজন পারফর্মার হিসেবে তাঁর দায়িত্ব পালন করেছেন; গানের লিরিক্সের দায়ভার সংগীত পরিচালক বা গীতিকারের। এই দুই মেরুর লড়াইতে সিনেমাটি নিয়ে যেমন আগ্রহ বাড়ছে, তেমনি বাড়ছে নেতিবাচক প্রচারণাও।
এখনও পর্যন্ত ছবিটির নির্মাতারা বা নোরা ফাতেহি স্বয়ং এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি। ‘কেডি: দ্য ডেভিল’ একটি পিরিয়ড ড্রামা হিসেবে প্রচার করা হলেও, এই একটি গান পুরো সিনেমার ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। সমালোচকদের মতে, সস্তা প্রচারের জন্য নির্মাতারা এমন পথ বেছে নিয়েছেন কি না, তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। তবে সেন্সর বোর্ড এই গানটি নিয়ে পরবর্তীতে কোনো পদক্ষেপ নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
















