সংগৃহীত ছবি
ফুটবল বিশ্বকাপ আর শাকিরা—এই দুটি নাম যেন একে অপরের পরিপূরক। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে বিশ্ব মাতানো এই কলম্বিয়ান গায়িকা আবারও ফুটবল ভক্তদের নাচে মাতাতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। এবারের গানের শিরোনাম ‘ডাই ডাই’।
টিজারেই বাজিমাত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের নতুন এই গানের এক মিনিটের একটি টিজার প্রকাশ করেছেন শাকিরা। ভিডিওটি শেয়ার করে তিনি উচ্ছ্বাসের সঙ্গে লেখেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে হাজির হলো “ডাই ডাই”, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান।’ ভিডিওটি প্রকাশের পরপরই ফিফার অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়েছে, যার ক্যাপশনে লেখা ছিল— ‘আমরা প্রস্তুত!’
গানের বিশেষত্ব ও সহযোগিতা এবারের গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস সেনসেশন বার্না বয়। টিজারে দেখা যায়, ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের সবুজ ঘাসে শাকিরা ফুটবল হাতে দাঁড়িয়ে আছেন। তার হাতে রয়েছে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’। গানটিতে আফ্রিকান রিদম, লাতিন বিট এবং আধুনিক আরবান মিউজিকের এক অপূর্ব সংমিশ্রণ ঘটানো হয়েছে। ভিডিওর কোরিওগ্রাফিতে ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের ফুটবলগুলোকেও প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে, যা ভক্তদের নস্টালজিক করে তুলেছে।
গানের অর্থ ও উন্মাদনা গানের মূল কোরাসে ‘ডাই, ডাই, উই গো, দালে, আলে, লেটস গো’ কথাগুলো বারবার শোনা যাচ্ছে। ভাষাবিদদের মতে, ‘ডাই’ শব্দটি ইতালীয় ভাষায় ‘এগিয়ে যাও’ বোঝাতে ব্যবহৃত হয়। অন্যদিকে স্প্যানিশ ‘দালে, আলে’ শব্দগুলো মাঠে খেলোয়াড়দের উৎসাহ দিতে ব্যবহৃত অতি পরিচিত শব্দ। গানটি আগামী ১৪ মে বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।
বিশ্বকাপে শাকিরার ইতিহাস ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে ‘হিপস ডোন্ট লাই’ দিয়ে শুরু, এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ব্রাজিলে ‘লা লা লা’—প্রতিটি বিশ্বকাপেই শাকিরা নিজেকে অপরিহার্য করে তুলেছেন। মাঝে এক আসরের বিরতি দিয়ে আবারও বিশ্বমঞ্চে তার প্রত্যাবর্তন ফুটবল ও সংগীতের মেলবন্ধনে নতুন মাত্রা যোগ করবে।
উল্লেখ্য, আগামী ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ৪৮ দলের এই মহাযজ্ঞের।

বিনোদন ডেস্ক 














