সংগৃহীত ছবি
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ সদস্যদের সরকারি আবাসিক এলাকার ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তরুণীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য গণমাধ্যমকে প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানান, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম রবিবার দুপুরে তার দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে খাবার খান। খাওয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে এমপি এবং তার দুই স্ত্রী নিজ নিজ কক্ষে বিশ্রামের জন্য চলে যান।
পরে বিকেল ৫টার দিকে মরিয়মকে তার কক্ষ থেকে ডাকতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি শেরেবাংলা নগর থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল। তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, জানালা দিয়ে ঝুলন্ত অবস্থা নিশ্চিত হওয়ার পর ফরেনসিক দলের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দরজা ভেঙে মরদেহটি নিচে নামানো হয়।
তবে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এটি নিছক আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
















