সংগৃহীত ছবি
বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এখন বিশ্বমঞ্চের এক উজ্জ্বল ধ্রুবতারা। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে যোগ দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।
রেড কার্পেট থেকে আফটার পার্টি—সবখানেই প্রিয়াঙ্কার উপস্থিতি ছিল এক কথায় অনবদ্য। তবে এবারের আসরে তার ফ্যাশন স্টেটমেন্টের সবচেয়ে বড় চমক ছিল তার গলার বহুমূল্যবান ‘সর্পিল’ নেকলেস।
সাদা রঙের একটি জমকালো অফ-শোল্ডার গাউনে রেড কার্পেটে পা রাখেন প্রিয়াঙ্কা। তার এই সাধারণ কিন্তু আভিজাত্যপূর্ণ সাজের মূল আকর্ষণ ছিল বিলাসবহুল ব্র্যান্ড ‘বুলগারি’ (Bulgari)-এর তৈরি ‘সার্পেন্টি ইলুসিও হাই জুয়েলারি নেকলেস’।
ফ্যাশন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই অনন্য গয়নাটি তৈরি করতে কারিগরদের সময় লেগেছে প্রায় ১৩০০ ঘণ্টা। নেকলেসটিতে ব্যবহার করা হয়েছে ১৪ ক্যারেট মাদাগাস্কারের নীলকান্তমণি, দুর্লভ হীরা এবং দামী পান্নাসহ অসংখ্য মূল্যবান রত্ন। আইকনিক সর্পিল নকশাটি প্রিয়াঙ্কার গলার চারপাশে অনেকটা বর্মের মতো ঘিরে থাকায় তাকে দেখাচ্ছিল সত্যিকারের এক ‘গ্লোবাল আইকন’-এর মতো।
অস্কারের মূল আয়োজন শেষে আফটার পার্টিতেও প্রিয়াঙ্কার জৌলুস কমেনি। সেখানে স্বামী নিক জোনাসের সঙ্গে ফ্রেমবন্দি হন তিনি। রূপালি শিমারি গাউন আর লম্বা পশমের ভেইলে তার ভিন্নধর্মী সাজ ফ্যাশন বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে। প্রিয়াঙ্কার সর্পিল নকশার গয়নার প্রতি এই বিশেষ অনুরাগ ভক্তদের মাঝেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সব মিলিয়ে ৯৮তম অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া আবারও প্রমাণ করলেন, আন্তর্জাতিক বিনোদন এবং ফ্যাশন দুনিয়ায় তার রাজত্ব আজও অটুট।

















