সংগৃহীত ছবি
পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত খরচ কমাতে বড় পদক্ষেপ নিল সরকার। এখন থেকে শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি (প্রতিবন্ধী) এবং ৬৫ বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিকরা মেট্রোরেলসহ দেশের সব ধরনের আন্তঃনগর ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় বা ডিসকাউন্ট সুবিধা পাবেন।
মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। এখন থেকে তারা টিকিট কাটার সময় মূল ভাড়ার চেয়ে ২৫ শতাংশ কম অর্থ পরিশোধ করবেন।” তবে এই সুবিধা গ্রহণের জন্য নির্দিষ্ট শর্তারোপ করা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ আইডি কার্ড এবং অন্যদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে শেখ রবিউল আলম জানান, সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই এটি কার্যকর করার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে সময় স্বল্পতার কারণে যদি তা সম্ভব না হয়, তবে আগামী পবিত্র কুরবানি ঈদের আগেই এটি নিশ্চিতভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা হাফ-পাসের (ভাড়া ছাড়) দাবি জানিয়ে আসছিল। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে কেবল বাস নয়, এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থা মেট্রোরেল এবং রেলপথেও তাদের যাতায়াত অনেক সহজ ও সাশ্রয়ী হবে। একই সাথে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের রাষ্ট্রীয় সম্মাননা ও সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

অনলাইন ডেস্ক 














