বিতর্ক যেন ছায়ার মতো পিছু তাড়া করছে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে। তবে এবারের বিতর্ক কেবল বলিউড বা ভারতের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের অন্ধকার জগতের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় এবার উঠে এসেছে এই ভারতীয় নির্মাতার নাম। সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ প্রায় ৩০ লাখ নথির একটি বিশাল ফাইল প্রকাশ করেছে, যেখানে অনুরাগের নাম দেখে রীতিমতো স্তম্ভিত বিনোদন বিশ্ব।
গত ৩০ জানুয়ারি প্রকাশিত এই গোপন নথিতে ইলন মাস্ক ও বিল গেটসের মতো বিশ্বখ্যাত ব্যক্তিদের নামের পাশাপাশি প্রখ্যাত চিত্রপরিচালক মীরা নায়ার এবং অনুরাগ কাশ্যপের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফাঁস হওয়া ইমেইলে অনুরাগকে ‘বলিউড গাই’ (Bollywood Guy) হিসেবে সম্বোধন করা হয়েছে। নথির তথ্য অনুযায়ী, এপস্টিনের কিউবা সফরসহ বিভিন্ন স্থানে ভ্রমণের পরিকল্পনার আলাপচারিতায় অনুরাগের নাম উল্লেখ ছিল। মূলত বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ক একটি কর্মশালায় সম্ভাব্য অংশগ্রহণকারী হিসেবে তাঁর নাম রাখা হয়েছিল।
তবে নথিতে নাম থাকা মানেই যে অনুরাগ কাশ্যপ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, বিষয়টি তেমন নয়। তদন্তকারীরা জানিয়েছেন, সেই অনুষ্ঠানে অনুরাগ সশরীরে উপস্থিত হয়েছিলেন কি না কিংবা এপস্টিনের সঙ্গে তাঁর সরাসরি কোনো সাক্ষাৎ হয়েছিল কি না, তার কোনো অকাট্য প্রমাণ এখনো মেলেনি। অনেক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হতো কেবল আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে। তাসত্ত্বেও আন্তর্জাতিক এই নথিতে বলিউডের একজন শীর্ষ নির্মাতার নাম আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনুরাগের একনিষ্ঠ ভক্তরা একে তাঁর ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র হিসেবে দেখলেও, সমালোচকরা বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। বিশেষ করে এর আগে বিল ক্লিনটনের মতো ব্যক্তিরা এই নথির কারণে চাপের মুখে পড়েছেন, তাই ভারতীয় এই পরিচালকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এই চাঞ্চল্যকর বিতর্ক নিয়ে অনুরাগ কাশ্যপ এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। পুরো বলিউড এখন তাঁর প্রতিক্রিয়ার অপেক্ষায় প্রহর গুনছে।

বিনোদন ডেস্ক 














