সংগৃহীত ছবি
দুই বাংলার রক সংগীতপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য সুসংবাদ নিয়ে আসছে সিডনি। একই মঞ্চে, একই সুরের মোহনায় এবার মিলবেন বাংলাদেশের নগরবাউলখ্যাত কিংবদন্তি জেমস এবং কলকাতার জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’-এর ফ্রন্টম্যান রূপম ইসলাম।
আগামী ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত নরওয়েস্ট কনভেনশন সেন্টারের মঞ্চে দুই বাংলার এই দুই মহাতারকা তাদের গিটারের ঝংকারে দর্শকদের মাতাবেন। দুই বাংলার আয়োজকদের সমন্বয়ে এই বিশাল আয়োজনের দায়িত্ব নিয়েছে ‘বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া’।
আয়োজক কমিটির অন্যতম সদস্য তানিম মান্নান এই কনসার্টের বিস্তারিত তুলে ধরে জানান, অনুষ্ঠানের শিরোনাম রাখা হয়েছে—‘জয় গুরু, জয় রক, আমার বাংলা’। তিনি আশা করছেন, এই ঐতিহাসিক কনসার্টে প্রায় সাড়ে ৩ হাজার দর্শক সরাসরি অংশ নেবেন। ইতোমধ্যেই সিডনিতে বসবাসরত বাঙালিদের মাঝে এই কনসার্ট নিয়ে ব্যাপক উত্তেজনা ও উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
বর্তমানে নগরবাউল ব্যান্ড দেশ ও বিদেশের একের পর এক কনসার্ট নিয়ে চরম ব্যস্ত সময় পার করছে। স্টেজ পারফরম্যান্সের পাশাপাশি নতুন কিছু গানের কাজও এগিয়ে চলেছে। তবে ভক্তদের জন্য নতুন গানগুলো কবে নাগাদ মুক্তি পাবে, সে বিষয়ে এখনই চূড়ান্ত কোনো দিনক্ষণ জানাননি নগরবাউলের মুখপাত্র রবিন ঠাকুর।
অন্যদিকে, কলকাতার রূপম ইসলাম বর্তমানে তার নতুন বই ‘বাঘ ব্রহ্ম খেলা’-র প্রচারণায় ব্যস্ত রয়েছেন, পাশাপাশি ফসিলস ব্যান্ডের বিভিন্ন প্রজেক্টে সময় দিচ্ছেন। উল্লেখ্য, ২০২৪ সালে ভারতে ‘পুজোওয়ালাদের গান’ কনসার্টে শেষবার এই দুই তারকাকে এক মঞ্চে দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটি আবারও সাক্ষী হতে যাচ্ছে এই দুই রক আইকনের মহামিলনের।

বিনোদন ডেস্ক 














