সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ মানেই পরিবারের সবার সঙ্গে মিলেমিশে মজার সব খাবারের সমারোহ। ঈদের সকালে সেমাই-পায়েসের মিষ্টিমুখের পর দুপুরের মেনুতে কী থাকবে, তা নিয়ে চলে বিস্তর পরিকল্পনা।
গতানুগতিক কাচ্চি বা তেহারির বাইরে এবার ঈদের টেবিলে আভিজাত্যের ছোঁয়া আনতে পারে ‘বাটার চিকেন বিরিয়ানি’। মাখনের শাহী ঘ্রাণ আর মশলাদার চিকেনের নিখুঁত মিশেলে তৈরি এই পদটি হতে পারে আপনার ঈদের ভোজের প্রধান আকর্ষণ।
প্রয়োজনীয় উপকরণ:
এই শাহী বিরিয়ানি তৈরিতে আপনার প্রয়োজন হবে ৪০০ গ্রাম মুরগির মাংস, ১ কাপ বাসমতি চাল, ২ টেবিল চামচ মাখন এবং ৩-৪ টেবিল চামচ ফ্রেশ ক্রিম। মশলার তালিকায় রাখুন আদা-রসুন বাটা, ফেটানো টক দই, হলুদ, লাল মরিচ ও কাশ্মীরি মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, তেজপাতা ও স্টার এনিস। এছাড়া রান্নার স্বাদ বাড়াতে বেরেস্তা (ভাজা পেঁয়াজ), কসৌরি মেথি, সামান্য ফুড কালার, লবণ ও তেল প্রয়োজন হবে।
প্রস্তুত প্রণালী:
রান্নার শুরুতেই মাংসের টুকরোগুলো টক দই, লবণ, আদা-রসুন বাটা এবং সব গুঁড়ো মশলা দিয়ে অন্তত ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইয়ে মাখন গরম করে ম্যারিনেট করা মাংসগুলো হালকা বাদামি করে ভেজে নিন। মাংস ভাজা হয়ে এলে বাকি ম্যারিনেশনের মশলাটুকু দিয়ে অল্প আঁচে কষাতে হবে। মাংস নরম হয়ে এলে ওপর থেকে ফ্রেশ ক্রিম, মেথি ও কিছুটা মাখন ছড়িয়ে দিয়ে গ্রেভি তৈরি করে নামিয়ে নিন।
অন্যদিকে, বাসমতি চাল ধুয়ে পর্যাপ্ত পানিতে গোটা গরম মশলা, তেজপাতা, স্টার এনিস ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। চাল ফুটে উঠলে পানি ঝরিয়ে ঝরঝরে করে রাখতে হবে। সবশেষে একটি বড় হাঁড়িতে প্রথমে রান্না করা বাটার চিকেনের স্তর দিন, তার ওপর সেদ্ধ করা ভাত বিছিয়ে দিন।
ভাতের ওপর বেরেস্তা, দুধে গোলানো ফুড কালার ও মাখন ছড়িয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন। হালকা আঁচে ১০ মিনিট দমে রাখলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা সুগন্ধি বাটার চিকেন বিরিয়ানি। এবারের ঈদে প্রিয়জনদের পাতে এই ভিন্নধর্মী স্বাদ আপনার আতিথেয়তায় যোগ করবে নতুন মাত্রা।

জীবনযাপন ডেস্ক 
























