সংগৃহীত ছবি (অভিনেতা জাহের আলভী ও আফরা ইবনাথ খান ইকরার)
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিনেতা যখন নেপালে শুটিংয়ে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে সৃষ্টি হয়েছে রহস্যের। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা এই মৃত্যুর পেছনে পারিবারিক কলহ এবং আলভীর এক সহশিল্পীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনকে প্রধান কারণ হিসেবে সামনে নিয়ে এসেছেন।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। সম্প্রতি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেতা আলভীর শেয়ার করা একটি ঘনিষ্ঠ ছবিকে কেন্দ্র করে নেটিজেনদের ক্ষোভের সৃষ্টি হয়। ছবিতে দুজনকে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা যায়, যা ইকরা মেনে নিতে পারেননি বলে ধারণা করছেন অনেকেই। এছাড়া, মৃত্যুর ঠিক আগের দিন স্বামী–স্ত্রীর করা রহস্যময় ফেসবুক পোস্ট এই সন্দেহকে আরও বাড়িয়ে তুলেছে। শুক্রবার রাত ৩টা ১৩ মিনিটে আলভী লেখেন, ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলেনা।’ এর কয়েক ঘণ্টা পর সকাল ১০টা ৫৬ মিনিটে ইকরা একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে লেখেন, ‘কেউ একজন কারও পুরো জীবনটা ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে… কান্নার চেয়ে এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ।’
স্ত্রীর মৃত্যুর পর নেপাল থেকে এক আবেগঘন বার্তায় জাহের আলভী জানিয়েছেন, ইকরার এই চরম সিদ্ধান্তের কারণ তিনি জানেন না। খবর পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। তিনি গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করেছেন, সন্তানের কথা বিবেচনা করে যেন কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো না হয়। দেশে ফিরে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানিয়েছেন।
এদিকে, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মিরপুরের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষেই এই আত্মহত্যার পেছনের প্রকৃত রহস্য এবং প্ররোচনার বিষয়টি আইনিভাবে পরিষ্কার হবে।’

বিনোদন প্রতিবেদক | ঢাকা 

























