সংগৃহীত ছবি
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিকর মন্তব্য ও বডি শেমিংয়ের (শারীরিক গঠন নিয়ে উপহাস) বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। দীর্ঘদিনের মানসিক হেনস্তা সহ্য করতে না পেরে অবশেষে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অভিনেত্রী। পুলিশ অভিযোগটি গ্রহণ করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
বেশ কিছুদিন ধরেই শ্রাবন্তীর ওজন বৃদ্ধি এবং শারীরিক পরিবর্তন নিয়ে নেটিজেনদের একটি অংশ সামাজিক মাধ্যমে আপত্তিকর ও নেতিবাচক মন্তব্য করে আসছিল। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শ্রাবন্তী বলেন, “আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনিতেই সফট টার্গেট। শুধু শিল্পী হিসেবেই নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও বলছি—দিনের পর দিন এমন নোংরা মন্তব্য মেনে নেওয়া যায় না।”
নিজের শারীরিক পরিবর্তনের প্রকৃত কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী জানান, সম্প্রতি তিনি ‘ঠাকুমার ঝুলি’ নামক একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। সেখানে তাকে একজন বয়স্ক ঠাকুমার চরিত্রে অভিনয় করতে হয়েছে। চরিত্রের বাস্তবসম্মত রূপদানের জন্য তাকে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল। শ্রাবন্তীর ভাষ্য অনুযায়ী, “ঠাকুমার গড়ন কখনো ছিপছিপে নায়িকার মতো হতে পারে না।
চরিত্রের প্রয়োজনে এই ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু মানুষ কিছু না জেনেই কটু মন্তব্য করতে ভালোবাসেন। অত্যন্ত দুঃখের বিষয় যে, এই ধরনের নেতিবাচক মন্তব্যে পুরুষদের পাশাপাশি নারীরাও পিছিয়ে নেই।”
বর্তমানে সিরিজটির শুটিং শেষ হয়েছে এবং শ্রাবন্তী পুনরায় কঠোর শরীরচর্চার মাধ্যমে আগের রূপে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বডি শেমিং বা সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তার এই আইনি লড়াইকে বিনোদন জগতের অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

বিনোদন ডেস্ক 
























