গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও সংঘর্ষের ঘটনায় চারজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন: ১. মো. তারেক (২৫): চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। ২. ইলিয়াস সরকার: চাঁদপুর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ৩. ইফতেখার উল আলম (৩০): ছাত্রশিবির কর্মী। ৪. মেজবাউল ইসলাম (৩৫): ছাত্রশিবির সমর্থক (বাসা: ঝিনাইদহ)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালীন চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযুক্তরা নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করে দলবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। একপর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করে।

নিজস্ব প্রতিবেদক 

























