নারী ক্রিকেটারকে যৌন হয়রানি ও অপেশাদার আচরণের দায়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেটে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চ্যুয়াল সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি সূত্রে জানা গেছে, এই আদেশের ফলে ভবিষ্যতে মঞ্জুরুল ইসলাম বাংলাদেশের ক্রিকেটের কোনো স্তরেই আর কোনো পদে বা কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না।
এই বিতর্কের সূত্রপাত হয় অস্ট্রেলিয়াপ্রবাসী তারকা নারী ক্রিকেটার জাহানারা আলমের একটি সাক্ষাৎকারের মাধ্যমে, যেখানে তিনি মঞ্জুরুলের বিরুদ্ধে সরাসরি যৌন হয়রানির অভিযোগ আনেন। বিষয়টি খতিয়ে দেখতে বিসিবি একটি উচ্চপর্যায়ের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। জাহানারা ওই কমিটির কাছেও লিখিতভাবে অভিযোগ পেশ করেন। দীর্ঘ তদন্ত শেষে গত ৪ ফেব্রুয়ারি বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, জাহানারার করা চারটি নির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটির পক্ষে অকাট্য প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। মঞ্জুরুলের কিছু আচরণ সুপ্রিম কোর্টের নির্দেশিকার আওতায় ‘অসদাচরণ’ ও ‘হয়রানি’র সংজ্ঞায় পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই আজ বিসিবি মঞ্জুরুলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) কর্মরত থাকা মঞ্জুরুল গত বছরের ৩০ জুনের পর থেকে বিসিবির কোনো সরাসরি দায়িত্বে নেই। উল্লেখ্য, জাহানারার অভিযোগ বিসিবির নারী উইংয়ের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও ছিল, তবে তদন্ত কমিটি তাঁর বিরুদ্ধে করা অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি। বিসিবির এই সিদ্ধান্তকে দেশের নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

স্পোর্টস ডেস্ক 















