রিয়ালের ফরাসি তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা ও কিলিয়ান এমবাপ্পে। ছবি : রয়টার্স
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মাঝমাঠের অন্যতম ভরসা এদুয়ার্দো কামাভিঙ্গার ভবিষ্যৎ নিয়ে হঠাৎ করেই অনিশ্চয়তার মেঘ দানা বেঁধেছে। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট ও ক্লাব অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী, আগামী ট্রান্সফার উইন্ডোতেই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে পারেন এই ফরাসি মিডফিল্ডার।
এক সময় ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ মনে করা হলেও, বর্তমান পরিস্থিতিতে কামাভিঙ্গার মাদ্রিদ ত্যাগের সম্ভাবনা এখন প্রবল।
স্প্যানিশ প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যম ‘মার্কা’-র এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানানো হয়েছে, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের কাছে কামাভিঙ্গা এখন আর ‘আনটাচেবল’ বা অস্পৃশ্য নন। অর্থাৎ, উপযুক্ত প্রস্তাব পেলে ক্লাব তাকে বিক্রি করতে দ্বিধা করবে না।
২০২১ সালের ৩১ আগস্ট প্রায় ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ফরাসি ক্লাব রেন থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন এই প্রতিভাবান ফুটবলার। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকলেও, সেই মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তার বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছে।
চলতি মৌসুমে কামাভিঙ্গার পারফরম্যান্স একেবারে মন্দ নয়। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৫টি ম্যাচে মাঠে নেমে তিনি ২টি গোল এবং ১টি অ্যাসিস্ট করেছেন। মাঠের মাঝখানে রক্ষণাত্মক বা আক্রমণাত্মক—উভয় ভূমিকায় তার পারদর্শিতা থাকলেও রিয়ালের শক্তিশালী স্কোয়াডে নিয়মিত শুরুর একাদশে জায়গা পাকা করতে প্রায়ই হিমশিম খেতে হচ্ছে তাকে।
কোচ কার্লো আনচেলত্তির কৌশলে মাঝেমধ্যে লেফট-ব্যাক হিসেবে খেলানো হলেও, কামাভিঙ্গা নিজের পছন্দের পজিশনে থিতু হতে পারছেন না বলে গুঞ্জন রয়েছে।
কামাভিঙ্গার পরবর্তী গন্তব্য নিয়ে ফুটবল বিশ্বে ইতোমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে, ইংলিশ প্রিমিয়ার লিগই হতে পারে তার পরবর্তী ঠিকানা। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে ভেড়াতে কোমর বেঁধে নেমেছে।
ওল্ড ট্র্যাফোর্ডের শীর্ষ কর্মকর্তারা বার্নাব্যুতে কামাভিঙ্গার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন। অন্যদিকে, ঘরের ছেলে কামাভিঙ্গাকে নিয়ে ফরাসি জায়ান্ট পিএসজি আপাতত কোনো আগ্রহ না দেখানোয় ইউনাইটেডের পথ আরও প্রশস্ত হয়েছে। এখন দেখার বিষয়, কামাভিঙ্গা কি মাদ্রিদে থেকে নিজের জায়গা পুনরুদ্ধারের লড়াই করবেন, নাকি রেড ডেভিলদের হয়ে ইংল্যান্ডে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবেন।

ক্রীড়া ডেস্ক 















