রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে বিপিএলের প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটলো চট্টগ্রাম রয়্যালস। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই দাপুটে জয় তুলে নেয় চট্টগ্রাম। রাজশাহীর দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনারদের শক্ত ভিত এবং শেষ দিকে মাহেদী হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে বন্দরনগরীর দলটি।
এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী। ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৩৩ রান। ওপেনার তানজিদ হাসান তামিম ৩৭ বলে ৪১ রান এবং শাহিবজাদা ফারহান ১৯ বলে ২১ রান করলেও মিডল অর্ডারে কেউ দাঁড়াতে পারেননি। মাত্র ৮৬ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রাজশাহীকে লড়াইয়ের পুঁজি এনে দেন পেসার আব্দুল গাফ্ফার সাকলাইন। তার ১৫ বলে ৩২ রানের ক্যামিও ইনিংসের ওপর ভর করেই সম্মানজনক স্কোর পায় দলটি।
জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার নাঈম শেখ ও মির্জা বেগ উদ্বোধনী জুটিতেই ৬৪ রান তুলে জয়ের পথ সহজ করে দেন। নাঈম শেখ ৩৮ বলে ৩০ রান করে বিদায় নিলেও মির্জা বেগ ৪৭ বলে ৪৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। মাঝে হাসান নেওয়াজের ২০ এবং আসিফ আলির ১১ রান দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তবে শেষ মুহূর্তের রোমাঞ্চে দারুণ ব্যাটিং করেন মাহেদী হাসান; তার ৯ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসে জয়োল্লাসে মাতে চট্টগ্রাম রয়্যালস। আমির জামাল ২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

















