তরুণ স্প্রিন্টার গাউট গাউট। সংগৃহীত ছবি
বিশ্ব অ্যাথলেটিক্সের আকাশে নতুন এক নক্ষত্রের উদয় হয়েছে, যার নাম গাউট গাউট। কিছুদিন আগেও বিশ্ব ক্রীড়াঙ্গনে এই নামটি অনেকের কাছেই অপরিচিত ছিল, কিন্তু সিডনির ট্র্যাকে যা ঘটল, তাতে এখন থেকে তাকে মনে রাখতে বাধ্য হবে গোটা বিশ্ব।
সর্বকালের দ্রুততম মানব উসাইন বোল্টের ২২ বছর আগের একটি রেকর্ড ভেঙে দিয়ে অ্যাথলেটিক্স দুনিয়ায় রীতিমতো কম্পন ধরিয়ে দিয়েছেন ১৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান স্প্রিন্টার।
গতকাল সিডনিতে প্রতিকূল আবহাওয়ার তোয়াক্কা না করে অস্ট্রেলিয়া অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গাউট গাউট ২০০ মিটার দৌড় শেষ করেছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে। ২০০৪ সালে জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্ট অনূর্ধ্ব-২০ পর্যায়ে ১৯.৯৩ সেকেন্ডে দৌড় শেষ করে যে রেকর্ড গড়েছিলেন, গাউট তা অনায়াসেই চূর্ণ করেছেন।
কাকতালীয়ভাবে বোল্ট যখন সেই রেকর্ড গড়েছিলেন, তখন তার বয়সও ছিল ১৮ বছর। অর্থাৎ একই বয়সে গতির লড়াইয়ে বোল্টকেও ছাড়িয়ে গেলেন এই তরুণ।
প্রতিযোগিতায় গাউটকে কড়া টক্কর দিয়েছিলেন আরেক স্প্রিন্টার এইডান মারফি। দৌড়ের মাঝপথে মারফি কিছুটা এগিয়ে গেলেও শেষ মুহূর্তের অবিশ্বাস্য গতিতে তাকে পেছনে ফেলেন গাউট। মারফি ১৯.৮৮ সেকেন্ডে দৌড় শেষ করেন। জয়ের পর উচ্ছ্বসিত গাউট বলেন, ‘আমি এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম। দুজন অস্ট্রেলিয়ান ২০ সেকেন্ডের কম সময়ে দৌড় শেষ করেছে—এটি অবিশ্বাস্য এক অর্জন।’
গাউট গাউটের লম্বা ধাপ আর দৌড়ের শেষ দিকে ঝড়ের গতিতে এগিয়ে যাওয়ার ভঙ্গি দেখে বিশেষজ্ঞরা তাকে এখনই ‘পরবর্তী বোল্ট’ হিসেবে আখ্যা দিচ্ছেন। ২০০৭ সালে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া এই অ্যাথলেটের শিকড় মূলত দক্ষিণ সুদানে।
তার বাবা বোনা গুওটের দেওয়া তথ্যমতে, নামের বানান নিয়ে কিছুটা বিভ্রাট থাকলেও এখন ‘গাউট গাউট’ নামেই তিনি বিশ্বজুড়ে পরিচিত। ২০২৪ সালে ৫৬ বছরের পুরোনো জাতীয় রেকর্ড ভাঙার পর থেকেই তিনি আলোচনায় ছিলেন। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে তাকেই ভাবা হচ্ছে ১০০ ও ২০০ মিটারের স্বর্ণপদকের প্রধান দাবিদার।

















