আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলা অনিশ্চয়তার মাঝেই নতুন তথ্য জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিয়েছে—এমন খবর নাকচ করে দিয়েছে বোর্ড। সোমবার (১৯ জানুয়ারি) বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেন।
আমজাদ হোসেন জানান, গত ১৭ জানুয়ারি আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে এবং বিসিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত বৈঠক করে। সেই বৈঠকে বিসিবি তাদের আগের অবস্থানেই অনড় ছিল। মূলত নিরাপত্তাজনিত কারণে বর্তমান নির্ধারিত ভেন্যুতে (ভারত) খেলতে না পারার যৌক্তিক কারণগুলো আইসিসির কাছে তুলে ধরা হয়েছে। বিসিবির পক্ষ থেকে বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের জোরালো দাবি জানানো হয়েছে এবং আইসিসি প্রতিনিধিরা এই বিষয়টি মূল বোর্ডকে অবহিত করবেন বলে আশ্বাস দিয়েছেন।
গণমাধ্যমে ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানানোর যে খবর ছড়িয়েছে, সে প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, “আইসিসি আমাদের কোনো নির্দিষ্ট তারিখ বা সময়সীমা দেয়নি। তারা শুধু জানিয়েছে যে আলোচনার বিষয়গুলো আইসিসিকে জানানো হবে এবং পরবর্তী বৈঠকের তারিখ আমাদের যথাসময়ে অবহিত করা হবে।” উল্লেখ্য, ৩ জানুয়ারি আইপিএলে মোস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্ক এবং দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এই গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

















