আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক ব্যতিক্রমী ও মানবিক সিদ্ধান্ত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটগ্রহণ ও নির্বাচনি পরিবেশে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কোনো ধরনের ‘লেথাল উইপেন’ বা মরণাস্ত্র ব্যবহার করবে না। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনি ডিউটির সময় বিজিবি সদস্যরা মূলত নন-লেথাল সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখবেন। তবে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির ‘কুইক রেসপন্স ফোর্স’ (QRF) সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। রাজধানী ঢাকা এবং এর আশপাশের জেলাগুলোতে নির্বাচনি সহিংসতা রোধ ও সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে বিজিবি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।
কর্নেল এস এম আবুল এহসান জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখে এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। প্রয়োজনে যেকোনো দুর্গম এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য বিজিবির নিজস্ব হেলিকপ্টার ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে বিজিবির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেই লক্ষে বিজিবি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।


























