নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আদালত থেকে জামিন পাচ্ছেন, তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ডিআইজি স্বাক্ষরিত এক পত্রে রেঞ্জের অধীন আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এই কঠোর নির্দেশনা পালন করতে বলা হয়েছে। মূলত মাঠপর্যায়ে সংগঠনটিকে পুনরায় সংগঠিত হওয়া ঠেকাতেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
ডিআইজি স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী ও সংগঠিত করার সক্ষমতা রাখেন, তাদের ক্ষেত্রে জামিন হওয়া মাত্রই অন্য কোনো পুরনো বা নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। তবে যারা সাংগঠনিকভাবে সক্রিয় নন বা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নন, তাদের ক্ষেত্রে আপাতত এই নির্দেশ প্রযোজ্য হবে না। এছাড়া প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিপূর্বে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের এ বিষয়ে অবহিত করা হয়েছিল। এই নির্দেশনা রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট—এই আট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। প্রশাসনের এমন কঠোর অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী 

























