অস্ট্রেলিয়ার সিডনিতে নারী এশিয়ান কাপের অভিষেক ম্যাচে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী শক্তিশালী চীনের মুখোমুখি হয়ে প্রথমার্ধের ৪৩ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছিল পিটার বাটলারের শিষ্যরা।
তবে শেষ মুহূর্তের দুই গোলে ২-০ ব্যবধানে হার মানতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। হারলেও চীনের মতো জায়ান্টদের বিপক্ষে আফঈদা-ঋতুপর্ণাদের চোখে চোখ রেখে লড়াই ফুটবল বিশ্লেষকদের প্রশংসা কুড়াচ্ছে।
সিডনির ৩০ হাজার দর্শকধারণ ক্ষমতাসম্পন্ন কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই রক্ষণভাগ সামলাতে ব্যস্ত ছিল বাংলাদেশ। তবে পাল্টা আক্রমণে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শটগুলো চীনের রক্ষণে কাঁপন ধরিয়ে দেয়। বিশেষ করে ১৪ মিনিটে ঋতুপর্ণার একটি দুর্দান্ত শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের শেষ ১০ মিনিটের নাটকীয়তায় ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের। ৪৪ মিনিটে চীনের মিডফিল্ডার ওয়াং শুয়াং-এর দূরপাল্লার শটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এর ঠিক দুই মিনিট পরেই চীনের ঝ্যাং রুইচের নেওয়া শট ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে জালে জড়ালে স্কোরলাইন ২-০ হয়।
দ্বিতীয়ার্ধে কোচ পিটার বাটলার মিডফিল্ডে শক্তি বাড়ালেও চীনের অভিজ্ঞ ফুটবলারদের গতির কাছে পরাস্ত হতে হয় বাংলাদেশকে। চীন বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও বাংলাদেশের ডিফেন্ডারদের দৃঢ়তায় ব্যবধান আর বাড়েনি। প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে নামা বাংলাদেশের জন্য এটি একটি বড় অভিজ্ঞতা। আগামী ৬ মার্চ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মতো শক্তিশালী আরেক দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

















