এস্তাদিও এল সাদারে লা লিগার এক শ্বাসরুদ্ধকর ম্যাচে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে ২–১ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিক ওসাসুনা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বা স্টপেজ টাইমে রাউল গার্সিয়ার বিতর্কিত অথচ দর্শনীয় গোলে জয় নিশ্চিত করে ওসাসুনা। এই হারের ফলে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এখনো রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকলেও শিরোপা লড়াই জমে উঠেছে। আজ রবিবার লেভান্তেকে হারাতে পারলে রিয়ালকে টপকে বার্সেলোনা (৫৮) টেবিলের এক নম্বরে উঠে আসবে।
ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ চাপে ছিল। বিশেষ করে গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে কঠিন এক সপ্তাহ পার করছে রিয়াল। খেলার ৩৯ মিনিটে রিয়াল কিপার থিবো কোর্তোয়া বক্সে আন্তে বুদিমিরকে ফাউল করলে ভিএআর রিভিউয়ের মাধ্যমে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে নিখুঁত শটে ওসাসুনাকে লিড এনে দেন বুদিমির। বিরতির আগে অরেলিয়েন শুয়োমেনির একটি প্রচেষ্টা ওসাসুনা গোলরক্ষক সার্জিও হেরেরা দুর্দান্তভাবে রুখে দিলে হতাশ হতে হয় রিয়ালকে।
দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে কিলিয়ান এমবাপে বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ৭৩ মিনিটে ফেদেরিকো ভালভার্দের দারুণ এক কাটব্যাক থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। ম্যাচের আসল নাটক মঞ্চস্থ হয় স্টপেজ টাইমে। বক্সের বাঁ দিক থেকে রাউল গার্সিয়ার শট কোর্তোয়াকে পরাস্ত করলে শুরুতে অফসাইডের বাঁশি বাজান রেফারি। তবে ভিএআর পরীক্ষায় দেখা যায় গোলটি বৈধ ছিল। এই সিদ্ধান্তের পর ওসাসুনা ভক্তরা বুনো উল্লাসে মেতে ওঠে এবং রিয়াল মাদ্রিদ মাঠ ছাড়ে একরাশ হতাশা নিয়ে।

স্পোর্টস ডেস্ক 















