প্রতীকী ছবি
এবারের রমজানে সারা দিনের আবহাওয়া বেশ শুষ্ক ও তপ্ত থাকছে। দীর্ঘ সময় রোজা রাখার ফলে শরীরে পানিশূন্যতা দেখা দেওয়া স্বাভাবিক। তাই ইফতারের মেন্যুতে ভাজাপোড়া কমিয়ে বেশি করে পানীয় জাতীয় খাদ্য, তাজা ফল বা ঠান্ডা শরবত রাখা জরুরি।
এক্ষেত্রে স্বাস্থ্য সচেতন রোজাদারদের জন্য ‘ফ্রুট কাস্টার্ড’ হতে পারে একটি চমৎকার বিকল্প। এটি যেমন সুস্বাদু, তেমনি এতে থাকা বিভিন্ন ফলের সংমিশ্রণ শরীরকে দ্রুত সতেজ করে তোলে।
ফ্রুট কাস্টার্ড তৈরি করা যেমন সহজ, এর উপকরণগুলোও হাতের নাগালে। ১ লিটার দুধ, ১ কাপ চিনি, ২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার, সামান্য এলাচ গুঁড়ো ও জাফরান দিয়ে বেস তৈরি করে নিন। স্বাদে ভিন্নতা আনতে এতে যোগ করতে পারেন আঙ্গুর, কলা, আপেল ও ডালিম।
প্রস্তুত প্রণালি:
প্রথমে এক কাপ দুধ আলাদা রেখে বাকি দুধ জ্বাল দিয়ে চিনি মিশিয়ে নিন। এতে এলাচ গুঁড়ো ও জাফরান যোগ করে ভালো করে মিশিয়ে নিন। আলাদা রাখা এক কাপ দুধে কাস্টার্ড পাউডার গুলিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন এবং ফুটন্ত দুধে ধীরে ধীরে ঢালুন। অনবরত নাড়তে থাকুন যাতে নিচে লেগে না যায়। দুধ ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিন। সবশেষে কাটা ফলগুলো মিশিয়ে অন্তত এক ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন প্রাণজুড়ানো ফ্রুট কাস্টার্ড।

















