বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বিসিবির সবশেষ বোর্ড সভায় এ নিয়ে দীর্ঘ আলোচনার পর আজ (১৫ ফেব্রুয়ারি) থেকে তাঁর ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিবের ফেরা নিয়ে ক্রিকেট অঙ্গনে যে অনিশ্চয়তা ছিল, আসিফ আকবরের এই বক্তব্যে তার অবসান ঘটল। তিনি জানান, সাকিবের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং বোর্ড তাঁকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখার ব্যাপারে অত্যন্ত ইতিবাচক।
সাকিবের ফেরার সময়কাল নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করা হলেও, আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজকেই সম্ভাব্য লক্ষ্য হিসেবে ধরা হচ্ছে। আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের ফর্ম ও ফিটনেস ঠিক থাকলে এবং আইনি ও ব্যক্তিগত জটিলতাগুলো সরকারের সহযোগিতায় সমাধান হলে নির্বাচকরা তাঁকে দ্রুতই স্কোয়াডে অন্তর্ভুক্ত করবেন। রাজনৈতিক পটপরিবর্তন এবং আইনি মামলার কারণে সাকিব দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করলেও, বিসিবি এখন তাঁকে মাঠের লড়াইয়ে ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বোর্ড সূত্রে জানা গেছে, সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু করতে ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ সমন্বয় করা হচ্ছে। আসিফ আকবর আরও বলেন, “আমরা সাকিবের সঙ্গে নিয়মিত কথা বলছি এবং আজ থেকেই তাঁর জাতীয় দলে ফেরার আনুষ্ঠানিক কার্যক্রমগুলো এগিয়ে নেওয়া হবে।” সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের ফেরা বাংলাদেশ দলের জন্য এক বড় শক্তি হিসেবে কাজ করবে, বিশেষ করে সামনে বড় ইভেন্টগুলোকে সামনে রেখে তাঁর উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

স্পোর্টস ডেস্ক 















