অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার প্রার্থনা নিয়ে আজ শুক্রবার রাজধানীসহ সারাদেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। বিদ্যা, জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আশীর্বাদ নিতে সকাল থেকেই মন্দির, মণ্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভিড় করছেন অগণিত শিক্ষার্থী ও ভক্তরা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে প্রতিবছরের মতো এবারও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাগদেবীর আরাধনা করা হচ্ছে।
পূজা উপলক্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠের কেন্দ্রীয় মণ্ডপের পাশাপাশি বিভিন্ন বিভাগের উদ্যোগে অসংখ্য শৈল্পিক ও নান্দনিক মণ্ডপ স্থাপন করা হয়েছে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। এছাড়া মহানগর সার্বজনীন পূজা কমিটির ব্যবস্থাপনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় মণ্ডপে বাণী অর্চনা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবসহ রাজধানীর রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী মন্দির এবং পুরান ঢাকার অলিগলিতে দেবীর আরাধনায় মুখর হয়ে উঠেছে হিন্দু সম্প্রদায়।
উৎসবের অংশ হিসেবে বিভিন্ন মণ্ডপে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, হাতেখড়ি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী সরস্বতী জ্ঞান ও সুরের প্রতীক; তাঁর আরাধনার মাধ্যমে শিক্ষার্থীরা মেধা ও প্রজ্ঞার বর লাভ করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার শক্তি পায়।

















