ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের লাইনে দাঁড়িয়ে দুই দলের ক্রিকেটাররা। সংগৃহীত ছবি
মিরপুরে ওয়ানডে সিরিজের দামামা শেষ হতে না হতেই দেশের ক্রিকেটে বইছে টি-টোয়েন্টির হাওয়া। তবে সিরিজের শুরুটা এবার মিরপুরে নয়, বরং বন্দরনগরী চট্টগ্রামে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম)। এই ম্যাচগুলোকে সামনে রেখে আজ বৃহস্পতিবার টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ঘোষণা অনুযায়ী, চট্টগ্রামের গ্যালারিতে বসে মাঠের চার-ছক্কার লড়াই উপভোগ করতে দর্শকদের পকেট থেকে সর্বনিম্ন খরচ করতে হবে ১৫০ টাকা। এই মূল্যে পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। সাধারণ দর্শকদের কথা মাথায় রেখেই বিসিবি এই সুলভ মূল্য নির্ধারণ করেছে।
অন্যদিকে, একটু ভালো ভিউয়ের জন্য ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২৫০ টাকা। যারা মাঠে বসে কিছুটা আরামদায়ক পরিবেশে খেলা দেখতে চান, তাদের জন্য শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শ্রাবণ স্ট্যান্ডের টিকিট মিলবে ৫০০ টাকায়।
ভিআইপি বা বিলাস বহুল অভিজ্ঞতার জন্য টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। মোট চারটি জায়গার জন্য এই দাম প্রযোজ্য হবে। এগুলো হলো—পূর্ব ও পশ্চিম পাশের গ্র্যান্ড স্ট্যান্ড এবং পূর্ব ও পশ্চিম পাশের রুফটপ প্যাভিলিয়ন ইন্ড। স্টেডিয়ামের এই অংশগুলো থেকে মাঠের খেলা দেখা যায় সবচেয়ে কাছ থেকে এবং স্বচ্ছন্দে।
আগামী ২৭ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২৯ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল উড়াল দেবে রাজধানী ঢাকার উদ্দেশে। ২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ও নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচটি। চট্টগ্রামের দর্শকরা টিকিট সংগ্রহ করে স্টেডিয়ামে গর্জন তোলার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন।

















