মেজর লিগ সকারের (এমএলএস) মুকুট জয়ের স্বাদ নিয়ে প্রথমবারের মতো হোয়াইট হাউজে পা রাখলেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। ক্লাব ইতিহাসে প্রথম শিরোপা জয়ের গৌরব উদ্যাপন করতে ইন্টার মায়ামি দলকে হোয়াইট হাউজে রাজকীয় অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে হোয়াইট হাউজের ঐতিহাসিক ইস্ট রুম।
অনুষ্ঠানে মায়ামির অন্যতম মালিক জর্জে মাসের সঙ্গে যখন মেসি প্রবেশ করেন, তখন উপস্থিত অতিথিদের করতালিতে মুখরিত হয় চারপাশ। এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে নিজের সই করা একটি গোলাপি ফুটবল প্রেসিডেন্টের হাতে তুলে দেন লিও। শুধু বল নয়, মায়ামির মালিকপক্ষ এবং প্রধান কোচ জাভিয়ের মাসচেরানোর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্লাবের একটি জার্সি ও ঘড়িও উপহার দেওয়া হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে মেসির ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, তার ছেলে মেসির একনিষ্ঠ ভক্ত। ট্রাম্প বলেন, “আমার ছেলে আমাকে বলেছিল, ‘বাবা, তুমি কি জানো আজ এখানে কে আসতে যাচ্ছে?’ আমি যখন জানতে চাইলাম কে, সে অত্যন্ত উত্তেজিত হয়ে মেসির নাম বলল। সে আপনার অসাধারণ ভক্ত, লিও।” তিনি আরও যোগ করেন, “আমরা আজ সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মানিত করছি। এর আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট যা বলতে পারেননি, আজ আমি গর্ব করে তা বলছি—লিওনেল মেসি, আপনাকে হোয়াইট হাউজে স্বাগতম।”
বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প ফুটবলের কিংবদন্তি পেলের প্রসঙ্গ টেনে আনেন। মেসির দিকে তাকিয়ে তিনি রসিকতা করে বলেন, “আপনি হয়তো পেলের চেয়েও সেরা।” এরপর উপস্থিত দর্শকদের উদ্দেশে তার প্রশ্ন ছিল, “আপনারাই বলুন, কে বেশি ভালো?” শুধু মেসি নন, মায়ামির আরেক তারকা লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দে পলও এই আয়োজনে উপস্থিত ছিলেন।
গত ৬ ডিসেম্বর এমএলএস কাপ জেতার মাধ্যমে মায়ামি এক নতুন ইতিহাস সৃষ্টি করে। টানা দ্বিতীয়বার লিগের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) নির্বাচিত হওয়া মেসির ওপর বিশাল প্রত্যাশার চাপ ছিল।
সেই চাপের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “লিও, আপনি এসেছেন এবং জিতেছেন। এমন কিছু করা সত্যিই কঠিন। আপনার ওপর জয়ের যে প্রবল চাপ ছিল, তা আপনার চেয়ে ভালো কেউ জানে না।”
২০২৩ সালে যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পর এটিই ছিল মেসির প্রথম হোয়াইট হাউজ সফর। এর আগে জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হলেও ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি। অনুষ্ঠান শেষে ট্রাম্প পুরো মায়ামি দলকে তার ব্যক্তিগত দপ্তর ‘ওভাল অফিস’ পরিদর্শনের আমন্ত্রণ জানান। দীর্ঘদিনের মার্কিন রীতি অনুযায়ী চ্যাম্পিয়ন দলকে হোয়াইট হাউজে সম্মান জানানোর এই ধারা মেসির উপস্থিতিতে এক নতুন মাত্রা পেল।


























