ছবি : ই এস পি এন
চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ইডেন গার্ডেনসের প্রথম সেমিফাইনালে কিউইদের বিধ্বংসী ক্রিকেটের সামনে দাঁড়াতেই পারল না প্রোটিয়ারা। ব্যাটে–বলে চরম দাপট দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে ফাইনালে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। কিউই ওপেনার ফিন অ্যালেনের খুনে ব্যাটিংয়ের সামনে স্রেফ উড়ে গেছে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইনআপ।
১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ইডেন গার্ডেনসে ঝড় তোলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। পাওয়ার প্লে–তেই তারা স্কোরবোর্ডে ৮৪ রান যোগ করে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ থেকে ছিটকে দেন। উদ্বোধনী জুটিতে আসে মাত্র ৫৫ বলে ১১৭ রান। সেইফার্ট ৩৩ বলে ৫৮ রান করে বিদায় নিলেও ফিন অ্যালেন ছিলেন অদম্য। কাগিসো রাবাদা থেকে শুরু করে এনরিক নরকিয়া- কাউকেই রেহাই দেননি তিনি। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৩৩ বলে টি–টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন অ্যালেন। ১০টি চার ও ৮টি ছক্কায় সাজানো তাঁর এই অপরাজিত ইনিংসে কিউইরা মাত্র ১২.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। কোল ম্যাককনচি দ্বিতীয় ওভারেই কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনকে বিদায় করে প্রোটিয়াদের বড় ধাক্কা দেন। দলীয় ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে যখন তারা ধুঁকছিল, তখন ত্রাতা হয়ে আসেন মার্কো ইয়ানসেন। স্টাবসকে (২৯) সঙ্গে নিয়ে ৭৩ রানের জুটিতে দলকে লড়াকু পুঁজি এনে দেন তিনি। ইয়ানসেন শেষ পর্যন্ত ৩০ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন, যার ফলে ৮ উইকেটে ১৬৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের পক্ষে রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি ও ম্যাককনচি প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।

স্পোর্টস ডেস্ক 















