সংগৃহীত ছবি
কলকাতার ইডেন গার্ডেন্সে আজ এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
১৯৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার দ্রুত ভেঙে পড়লেও ত্রাতা হিসেবে আবির্ভূত হন সাঞ্জু স্যামসন। তার অপরাজিত ৫০ বলে ৯৭ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্মক শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজ (৪০) এবং শাই হোপের (৩২) উদ্বোধনী জুটির পর শিমরন হেটমায়ার (২৭), রভম্যান পাওয়েল (৩৪) এবং জেসন হোল্ডারের (৩৭*) ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৩৬ রানে ২ উইকেট শিকার করেন।
১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক শর্মা ও ঈশান কিষাণকে হারিয়ে চাপে পড়ে ভারত। সূর্যকুমার যাদব ও তিলক ভার্মারা (২৭) থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তবে একপ্রান্ত আগলে রেখে ১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাঞ্জু স্যামসন। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ম্যাচসেরা ব্যাটার। উইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ও শামার জোসেফ দুটি করে উইকেট নেন।
এই জয়ের ফলে ৫ মার্চ মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ড। অন্যদিকে, ৪ মার্চ কলকাতায় প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ১৯৫/৪, ২০ ওভার (চেজ ৪০, হোল্ডার ৩৭*; বুমরাহ ২/৩৬)।
ভারত:– ১৯৭/৫, ১৯.২ ওভার (স্যামসন ৯৭*, তিলক ২৭; হোল্ডার ২/৩৮)।
ফল: ভারত ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সাঞ্জু স্যামসন।
সেমিফাইনালের সূচি
প্রথম সেমিফাইনাল, ৪ মার্চ
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ভেন্যু: কলকাতা
দ্বিতীয় সেমিফাইনাল, ৫ মার্চ
ভারত-ইংল্যান্ড, ভেন্যু: মুম্বাই

















