গত বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারের ক্ষত এখনো শুকায়নি দক্ষিণ আফ্রিকার। তবে আজ টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই সেই হারের ‘মধুর প্রতিশোধ’ নিল প্রোটিয়ারা। ভারতকে ৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল এইডেন মার্করামের দল। ১৮৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজের বোলিং তোপে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় সূর্যকুমার যাদবদের ইনিংস।
আহমেদাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। জাসপ্রিত বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২০ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। তবে চতুর্থ উইকেটে ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিসের ৯৭ রানের বিধ্বংসী জুটি প্রোটিয়াদের ম্যাচে ফেরায়। মিলার ৩৫ বলে ৬৩ এবং ব্রেভিস ২৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষদিকে ট্রিস্টান স্টাবসের ২৪ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংসে ৭ উইকেটে ১৮৭ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ভারতের পক্ষে বুমরাহ ১৫ রানে ৩ উইকেট নেন।
১৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। প্রথম ওভারেই ইষাণ কিষাণকে (০) বিদায় করেন মার্করাম। পরের ওভারে তিলক ভার্মাকে (১) সাজঘরে ফেরান মার্কো ইয়ানসেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ১৫ রানে আউট হন অভিষেক শর্মা। অধিনায়ক সূর্যকুমার ও সুন্দর প্রতিরোধের চেষ্টা করলেও কোরবিন বোচ তাদের বিদায় করলে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। শিবাম দুবে ৪২ রান করে কিছুটা লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। মার্কো ইয়ানসেন ৪টি ও কেশব মহারাজ ৩টি উইকেট নিয়ে ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। ৭৬ রানের এই জয়ে গত বিশ্বকাপের ফাইনালের হারের জ্বালা কিছুটা হলেও জুড়ালো প্রোটিয়ারা।

স্পোর্টস ডেস্ক 
























