১৪৪৭ হিজরি বা ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে আজ রোববার থেকেই বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের আগমনকে নিরবচ্ছিন্ন করতে এবং শেষ মুহূর্তের জটিলতা এড়াতে এবার আগেভাগেই ভিসা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য মক্কার পবিত্র স্থানগুলোতে ইতোমধ্যে ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে এবং ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে আবাসন সংক্রান্ত যাবতীয় চুক্তিও সম্পন্ন হয়েছে।
সৌদি আরবের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩০ হাজার যাত্রী সরাসরি নিজ দেশ থেকে হজ প্যাকেজ বুকিং দিয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ৭৩টি হজ অফিস তাদের প্রাথমিক প্রস্তুতি গুছিয়ে এনেছে। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এবার প্রতিটি ধাপে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশি হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয় বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের বাধ্যতামূলকভাবে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ‘ফিটনেস সনদ’ সংগ্রহ করতে হবে। এই সনদ ব্যতিরেকে হজের ভিসা মিলবে না। ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে এই সনদসহ ভিসার জন্য আবেদন করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে এবং ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা 















