দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এবারের বইমেলার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রকাশকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়।
সভায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মো. মফিদুর রহমান এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ প্রকাশক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মহাপরিচালক মেলা আয়োজনের সর্বশেষ প্রস্তুতি তুলে ধরলে সংশ্লিষ্টরা বিস্তারিত আলোচনা শেষে মেলার সময়সীমা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত নির্ধারণ করেন। স্টল ভাড়া মওকুফ করায় প্রকাশনা শিল্পে নতুন গতির সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
যেসব প্রকাশক এখনও স্টল বরাদ্দের আবেদন করেননি, তাদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে আবেদন করতে হবে এবং একই দিন সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ দেওয়া হবে। সংস্কৃতি মন্ত্রী জানান, নতুন প্রজন্মের কাছে বইকে পৌঁছে দিতে এবং প্রকাশকদের অর্থনৈতিক চাপ কমাতে এই পদক্ষেপ নিয়েছে সরকার। দীর্ঘ আন্দোলনের পর গঠিত নতুন সরকারের এমন পদক্ষেপে বইমেলা কেন্দ্রিক সৃজনশীল কাজে নতুন প্রাণের স্পন্দন মিলবে বলে মনে করছেন লেখক ও পাঠকেরা।

নিজস্ব প্রতিবেদক 























