ছবি : সংগৃহীত
সারাদেশে যখন পবিত্র ঈদুল ফিতরের আমেজ চলছে, ঠিক তখনই দেশের বড় একটি অংশের ওপর দিয়ে কালবৈশাখী সদৃশ ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে রোববার (২২ মার্চ) সকালের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবার (২১ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়ের তীব্রতা এবং আকস্মিকতা বিবেচনা করে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চৈত্র মাসের এই সময়ে বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে আকস্মিক এই ঝড়–বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। বিশেষ করে নদীবন্দর এলাকায় অবস্থানরত ছোট নৌযান ও লঞ্চগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ঈদের দ্বিতীয় দিনে যারা যাতায়াত করবেন বা ঘুরতে বের হওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই পূর্বাভাস কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঝড়ের তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা থাকায় গাছপালা বা কাঁচা ঘরবাড়ির ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া ঝড়ের সময় বজ্রপাত থেকে বাঁচতে খোলা জায়গায় না থেকে পাকা দালানের নিচে আশ্রয় নেওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা 























