সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি হাটের পাশে খেলার সময় করোনাকালের পরিত্যক্ত বেসিন ধসে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার শালুয়াভিটা হাট এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—ফরিদুল ইসলামের ছেলে আবু রায়হান (৬) এবং সজিব সেখের মেয়ে সুমি খাতুন (২)। এই ঘটনায় আবির হাসান (২) ও সানজিদা খাতুন (৩) নামের আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। তারা বর্তমানে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময় স্বাস্থ্যবিধি মানতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে হাটের পাশে হাত ধোয়ার জন্য একটি পাকা বেসিন নির্মাণ করা হয়েছিল। করোনার প্রকোপ কমে যাওয়ার পর থেকে সেটি অযত্নে ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বিকেলে চার শিশু ওই বেসিনের পাশে খেলাধুলা করার সময় জরাজীর্ণ অবকাঠামোটি হঠাৎ ধসে পড়ে। শিশুরা ইটের স্তূপ ও কংক্রিটের নিচে চাপা পড়লে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ এই স্থাপনাটি কেন আগে সরিয়ে নেওয়া হয়নি, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

















