গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১০ দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি দুই কিশোরী মুসলিমা আক্তার (১২) এবং সুলতানা (১৬)। মুসলিমা উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের মোস্তফা শেখের মেয়ে এবং সুলতানা রাঘদী ইউনিয়নের আলকাছ মোল্লার মেয়ে
। দীর্ঘ সময় পার হয়ে গেলেও সন্তানদের কোনো সন্ধান না পেয়ে দুই পরিবারই এখন চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। এই ঘটনায় মুকসুদপুর থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুসলিমা ও সুলতানা উভয়েই স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার ছাত্রী হওয়ায় তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে সুলতানা বেড়াতে যাওয়ার কথা বলে মুসলিমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তারা দুজন নিখোঁজ। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালিয়েও তাদের কোনো হদিস পাওয়া যায়নি। এমনকি সুলতানার পরিবারও জানিয়েছে, ওই দিন থেকে তাদের মেয়েরও কোনো খোঁজ মিলছে না। দুই কিশোরীর রহস্যজনক নিখোঁজের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া বিরাজ করছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। থানার এএসআই খায়রুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। নিখোঁজ কিশোরীদের উদ্ধারে আইনি প্রক্রিয়া ও প্রযুক্তির সহায়তায় তল্লাশি অভিযান চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিজস্ব প্রতিবেদক | গোপালগঞ্জ 















