যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্যালিফোর্নিয়া বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। গত ১লা মার্চ ২০২৬, রবিবার লস এঞ্জেলেসের স্থানীয় একটি মিলনায়তনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দীর্ঘ ১৭ বছরের বিরতি ভেঙে আয়োজিত এই ইফতার মাহফিলে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এক মিলনমেলায় পরিণত হয়।
ক্যালিফোর্নিয়া বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয় এবং বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত ইসলামিক স্কলার শেখ হাফিজ কারী আবদুর রহমান। দোয়া মাহফিলে বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত সকলের সুখ–সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এছাড়া দীর্ঘ প্রবাস জীবনে জাতীয়তাবাদী আদর্শের মানুষদের ঐক্যবদ্ধ অবস্থানের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান আগত সকল অতিথি ও কমিউনিটির সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বক্তৃতায় তাঁরা দীর্ঘ সময় পর এমন একটি মহতী উদ্যোগ সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন। এছাড়া উপদেষ্টা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব খন্দকার আলম। তিনি প্রবাসে দেশীয় সংস্কৃতি ও রাজনৈতিক সংহতি বজায় রাখার আহ্বান জানান। ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা দীর্ঘকাল পর ক্যালিফোর্নিয়া বিএনপির এমন প্রকাশ্য ও বিশাল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

নিজস্ব প্রতিবেদক | লস এঞ্জেলেস 
























