টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে কানাডাকে ৮২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের ক্যারিয়ার সেরা ৯৫ রানের অনবদ্য ইনিংস এবং অভিজ্ঞ স্পিনার মোহাম্মদ নবীর ঘূর্ণিতে কানাডার ইনিংস তছনছ হয়ে যায়। এই জয়ের মাধ্যমে টানা দুই জয়ে বিশ্বকাপ মিশন শেষ করার পাশাপাশি নিজেদের প্রধান কোচ জোনাথান ট্রটকে রাজকীয়ভাবে বিদায় জানালো আফগানরা।
শিশির ভেজা মাঠের সুবিধা নিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কানাডা অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। তবে ক্যাচ মিসের মহড়ায় কানাডাকে চড়া মাশুল গুনতে হয়। শুরুতেই ৭ রানে গুরবাজের ক্যাচ মিস করেন কিপার শ্রেয়াস মোভা। পাওয়ার প্লেতে জাসকারান সিংয়ের জোড়া আঘাতে গুরবাজ (৩০) ও গুলবাদিন নাইব (১) বিদায় নিলেও একপ্রান্ত আগলে রাখেন জাদরান। ৫৪ রানে দ্বিতীয়বার জীবন পাওয়া জাদরান ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৫২ বলে ৯৫ রান করে অপরাজিত থাকেন তিনি, যার সুবাদে আফগানিস্তান সংগ্রহ করে ২০০ রান–টি–টোয়েন্টি বিশ্বকাপে এটিই তাদের সর্বোচ্চ দলীয় পুঁজি।
২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আফগান বোলিং তোপের মুখে শুরুতেই খেই হারায় কানাডা। ওপেনার নাভনীত ঢালিওয়াল বিদায়ী ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। যুবরাজ সামরাও ১৭ রানে আউট হলে কানাডার জয়ের আশা শেষ হয়ে যায়। হার্শ ঠাকুরের ৩০ ও সাদ বিন জাফরের ২৮ রান কেবল ব্যবধানই কমিয়েছে।
আফগান স্পিনার মোহাম্মদ নবী মাত্র ৭ রান খরচায় ৪ উইকেট নিয়ে কানাডার মেরুদণ্ড ভেঙে দেন। এটি তার ক্যারিয়ার সেরা টি–টোয়েন্টি বোলিং ফিগার। শেষ ওভারে একটি ক্যাচ মিস না হলে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়তেন তিনি। শেষ পর্যন্ত কানাডা ৮ উইকেটে ১১৮ রানে থামলে আফগানিস্তান বড় জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে বিদায়ী কোচ জোনাথান ট্রটকে জড়িয়ে ধরে আনন্দ উৎসবে মেতে ওঠে পুরো আফগান শিবির।

স্পোর্টস ডেস্ক 
























