শাহরিয়ার শারমিন বিন্তি। ছবি : সংগৃহীত
রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামের এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হাজারীবাগ থানার হায়দার গলি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত বিন্তি রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে শরীয়তপুরের সখীপুর উপজেলার বেল্লাল হোসেন ও নাদিয়া দম্পতির বড় সন্তান।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলকে নিয়ে নিচে নামে। সবজি কেনা শেষে নাবিল বোনকে বাসার নিচে রেখে মসজিদে নামাজ পড়তে যায়। এর কিছুক্ষণ পরই চিৎকার ও হইচই শুনে স্থানীয়রা এগিয়ে এসে বিন্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিন্তির মা নাদিয়া বেগমের অভিযোগ, সিয়াম নামের এক তরুণ গত তিন-চার বছর ধরে বিন্তিকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে একবার তাকে সতর্কও করা হয়েছিল। সেই ক্ষোভ থেকেই সিয়াম বিন্তিকে কুপিয়ে হত্যা করেছে বলে পরিবারের দাবি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের কাঁধে ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক জখম রয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কোনো বিরোধ বা একতরফা আসক্তির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে।

অনলাইন ডেস্ক 













