গত মাসের প্রাণঘাতী শীতকালীন ঝড়ের রেশ কাটতে না কাটতেই আবারও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। জাতীয় আবহাওয়া দপ্তর (NWS) জানিয়েছে, রোববার বিকেলে একটি শক্তিশালী তুষারঝড় আটলান্টিক মহাসাগর থেকে সৃষ্টি হয়ে ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া এবং নিউইয়র্কসহ বিশাল এলাকায় আঘাত হানতে পারে। এই চরম আবহাওয়ার আশঙ্কায় নিউ জার্সি–এর গভর্নর মিকি শেরিল এবং নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই আদেশ সোমবার রাত পর্যন্ত বলবৎ থাকবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কিছু এলাকায় ১৮ ইঞ্চিরও বেশি তুষারপাত হতে পারে। ভার্জিনিয়া থেকে শুরু করে ম্যাসাচুসেটস পর্যন্ত প্রায় ৩ কোটিরও বেশি মানুষ এই দুর্যোগের ঝুঁকির মুখে রয়েছেন, যার মধ্যে প্রায় ৩ লাখ বাংলাদেশি–আমেরিকান অভিবাসীও রয়েছেন। গভর্নররা বাসিন্দাদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার কঠোর পরামর্শ দিয়েছেন। বিশেষ করে নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডের মতো ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল গার্ডের শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, গত জানুয়ারির ঝড়ে নিউইয়র্ক সিটিতে ১৯ জনের মৃত্যু এবং বরফ অপসারণে বিলম্ব নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মেয়র জোহরান মামদানি। এবারের দুর্যোগকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি শনিবার সংবাদ সম্মেলনে নগরবাসীকে আশ্বস্ত করেছেন। মেয়র জানান, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং বিদ্যুৎ বিপর্যয় রোধে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে, সোমবার সন্ধ্যা পর্যন্ত ঝড়ের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক 













