সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় চট্টগ্রামের মিরসরাইয়ে নিজস্ব সমরাস্ত্র তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২৬ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বেজা, বিডা ও মিডার গভর্নিং বোর্ডের সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। কারখানাটি মূলত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) উদ্যোগে স্থাপন করা হবে।
বিডার চেয়ারম্যান জানান, মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের (ইন্ডিয়ান ইকোনমিক জোন) জন্য বরাদ্দকৃত ৮০০ একর জমি বর্তমানে অব্যবহৃত রয়েছে। সেই জমিতেই এখন ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ গড়ে তোলা হবে। সমরাস্ত্র কারখানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে আশিক চৌধুরী বলেন, “সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধগুলোতে দেখা গেছে, হাইটেক অস্ত্রের চেয়ে গোলাবারুদ ও মৌলিক সরঞ্জামের সংকটই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বাংলাদেশ অত্যাধুনিক যুদ্ধবিমান না বানালেও সেনাবাহিনী তাদের চাহিদা অনুযায়ী গুলি ও ট্যাংকের এক্সেলের মতো প্রয়োজনীয় যন্ত্রাংশ উৎপাদন করবে।” তিনি একে কেবল রপ্তানি নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয় হিসেবে দেখার আহ্বান জানান।
বিনিয়োগ ব্যবস্থার সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে একগুচ্ছ নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। বিনিয়োগ সহজ করতে বিডা, বেজা, বেপজা, বিসিক, হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং পিপিপি কর্তৃপক্ষ—এই ছয়টি সংস্থাকে একীভূত করে একটি শক্তিশালী সংস্থায় রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় ৬৫০ একর জমিতে ‘ফ্রি ট্রেড জোন’ (এফটিজেড) প্রতিষ্ঠা এবং কুষ্টিয়া চিনিকলের জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনাও সভায় অনুমোদিত হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে প্রবাসীদের জন্য ১.২৫ শতাংশ ‘ক্যাশব্যাক’ স্কিম এবং চীন ও কোরিয়ায় বিডার বিশেষ এজেন্সি অফিস খোলার ঘোষণা দেওয়া হয়েছে।
















