টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াইয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। কলম্বোর মাঠে অজিদের দেওয়া ১৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য লঙ্কানরা টপকে যায় পাথুম নিশাঙ্কার বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে লঙ্কানরা। অন্যদিকে, ৩ ম্যাচে ২ হার নিয়ে অজিদের বিশ্বকাপ যাত্রা এখন খাদের কিনারায়; তাদের পরবর্তী রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে রানরেটের জটিল সমীকরণের দিকে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ পাওয়ার প্লেতেই স্কোরবোর্ডে তোলেন ৭০ রান। হেড মাত্র ২৯ বলে ৫৬ এবং মার্শ ২৭ বলে ৫৪ রান করে শতকোর্ধ্ব জুটি গড়েন। তবে লঙ্কান স্পিনার দুশান হেমন্তের ঘূর্ণিতে এরপর খেই হারায় অজিদের মিডল অর্ডার। ম্যাক্সওয়েলের ২২ ও জশ ইংলিশের ২৭ রান ছাড়া বাকিরা ব্যর্থ হলে ২০ ওভারে ১৮১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। শ্রীলঙ্কার হয়ে ৩৭ রানে ৩টি উইকেট শিকার করেন দুশান হেমন্ত।
১৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কুশল পেরেরাকে হারালোও পথ হারায়নি লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের ৯৭ রানের অনবদ্য জুটি জয়ের ভিত্তি গড়ে দেয়। মেন্ডিস ৫১ রান করে আউট হলেও নিশাঙ্কা একাই অজি বোলারদের ওপর ছড়ি ঘোরান। মাত্র ৫২ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। শেষদিকে পাভান রত্নায়েকের ১৫ বলে ২৮ রানের ঝড়ো ক্যামিওতে জয় নিশ্চিত হয় লঙ্কানদের। নিশাঙ্কার এই অতিমানবীয় ব্যাটিংয়ের কাছে ম্লান হয়ে যায় অজিদের শক্তিশালী বোলিং লাইনআপ।

স্পোর্টস ডেস্ক 
























