বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও ভোক্তাপর্যায়ে তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের ফর্মুলা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, সংশোধিত ‘প্রাইসিং ফর্মুলা’র আলোকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানির দাম নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা করা হয়েছে। এছাড়া কেরোসিনের দামও ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্ত আগামী ১ ফেব্রুয়ারি (রোববার) থেকে সারা দেশে কার্যকর হবে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোক্তাপর্যায়ে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে এই সমন্বয় করা হয়েছে। এর ফলে পরিবহন খাতসহ কৃষি ও উৎপাদনশীল খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ডিজেলের দাম কমায় সেচ মৌসুমে কৃষকরা কিছুটা হলেও আর্থিক সাশ্রয়ের সুবিধা পাবেন।
















