সংগৃহীত ছবি
দীর্ঘদিন ধরে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা অবশেষে কাটতে শুরু করেছে। পাকিস্তান সিরিজে ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তব রূপ পায়নি।
তবে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেই জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামতে পারেন এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের প্রত্যাবর্তনের বিষয়ে এখন আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক।
সোমবার (১৬ মার্চ) মিরপুরে বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের ফেরার বিষয়ে আশার কথা শুনিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানান, সাকিবকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়াগুলো বেশ দ্রুততার সাথে নিষ্পত্তি করার চেষ্টা চলছে।
আইনি প্রক্রিয়া ও দলের স্বার্থ
সাকিবের দেশে ফেরার পথে প্রধান বাধা ছিল আইনি জটিলতা। এ প্রসঙ্গে নাজমুল আবেদীন ফাহিম বলেন, “সাকিবকে নিয়ে যে আইনগত ব্যাপারগুলো পরিচালনা করা হচ্ছে, তা বেশ দ্রুততার সাথেই এগোচ্ছে বলে আমি জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, সামনে হয়ত আমরা সাকিবকে দেশে ফিরতে দেখব। তবে সে কোন ফরম্যাটে খেলবে বা কতটুকু খেলবে, সেই সিদ্ধান্ত আসবে নির্বাচক, টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের সাথে আলোচনার পর।”
তিনি আরও যোগ করেন, “বটম লাইন হচ্ছে দল সবার আগে। আমরা দলের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব, এরপর অন্য কিছু।” নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়া যাবে কি না—এমন প্রশ্নে ফাহিম আশাবাদ ব্যক্ত করে বলেন, “আশা করছি এই সময়ের মধ্যে ও চলে আসতে পারবে। সাকিব দলে থাকা মানেই দলের শক্তি ও ভ্যালু বেড়ে যাওয়া।”
পিএসএল বনাম জাতীয় দল
নিউজিল্যান্ড সিরিজের মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এবারের আসরে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাহিদ রানাদের মতো গুরুত্বপূর্ণ বোলারদের খেলার কথা রয়েছে। তাদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার বিষয়ে বিসিবির অবস্থান স্পষ্ট করেছেন ফাহিম।
তিনি বলেন, “আমাদের চেষ্টা থাকবে নিজেদের স্বার্থ রক্ষা করে যতটুকু ছাড় দেওয়া যায়। পিএসএল একটি ভালো টুর্নামেন্ট, সেখানে খেললে আমাদের ছেলেদের অভিজ্ঞতা বাড়বে এবং তারা আরও পরিণত হবে। তবে জাতীয় দলের সিরিজ চলাকালীন দেশের স্বার্থই সবার আগে দেখা হবে।”
সাকিবের প্রত্যাবর্তন এবং তরুণদের বিদেশি লিগে খেলার সুযোগ—সব মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বিসিবির পরিকল্পনায় এক ধরনের ভারসাম্য আনার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ক্রিকেটপ্রেমীরা এখন উন্মুখ হয়ে আছেন সাকিবের ঘরের মাঠে ফেরার মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়।

























