ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাঠপট্টি এলাকায় অবস্থিত একটি ‘L’ আকৃতির পাঁচতলা ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলার বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া তথ্যমতে, দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত বিপুল পরিমাণ ‘হাগিজ’ ব্র্যান্ডের ডায়াপারের গোডাউন ছিল। এছাড়া ভবনের আশপাশে অসংখ্য কাঠের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। আগুনের ভয়াবহতা বিবেচনায় প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হলেও পরবর্তীতে আরও পাঁচটি ইউনিট উদ্ধারকাজে যুক্ত করা হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ঘনবসতিপূর্ণ এবং দাহ্য পদার্থপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। আগুনের শিখা ও ধোঁয়ায় পুরো কারওয়ান বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
বর্তমানে ভবনটিতে ডাম্পিংয়ের কাজ চলছে এবং আগুনের উৎস অনুসন্ধানে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠ ও প্লাস্টিক জাতীয় পণ্যের (ডায়াপার) গুদাম হওয়ায় ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন পার্শ্ববর্তী আরও কাঠের দোকান বা আবাসিক এলাকায় ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব হয়েছে।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা 























