ছবি : আলপাইন অ্যান্ড স্পেলিওলজিক্যাল রেসকিউ সার্ভিস
ইতালির উত্তর-পশ্চিম কুনেও প্রদেশের গারেস এলাকার একটি গভীর গুহায় পাথরের নিচে পা আটকে যাওয়া এক অভিযাত্রীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। মাটির নিচে প্রায় ১২০ মিটার গভীর অন্ধকার গুহায় আটকা পড়া ওই ব্যক্তিকে বাঁচাতে ৫৩ সদস্যের একটি দক্ষ উদ্ধারকারী দল দীর্ঘ, জটিল ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করে। আজ সোমবার (১ জুন) দেশটির জরুরি পরিষেবা সংস্থা এই শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের সফল সমাপ্তির কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির তুরিন শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আল্পস পর্বতমালার অন্যতম প্রধান ও দুর্গম গুহা ‘গ্রোত্তা দেই চিংগিয়ালি ভোলান্তিতে’ (উড়ন্ত বুনো শুয়োরের গুহা)-তে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে গুহা অন্বেষণ করতে গিয়ে একটি বিশাল পাথরের নিচে ওই ব্যক্তির পা আটকে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা এবং রাতভর সুড়ঙ্গের ভেতরে অত্যন্ত সতর্কতা ও জটিল কলাকৌশল অবলম্বন করে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
দেশটির আলপাইন অ্যান্ড স্পেলিওলজিক্যাল রেসকিউ সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, গুহাটি অত্যন্ত সংকীর্ণ ও গভীর হওয়ায় উদ্ধারকাজ চালানো বেশ কঠিন ছিল। তবে উদ্ধারকর্মীরা প্রথমে গুহার গভীরে পৌঁছে আটকা পড়া অভিযাত্রীকে মুক্ত করেন এবং সুড়ঙ্গের ভেতরেই তাকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে বিশেষ স্ট্রেচারের সাহায্যে দীর্ঘক্ষণের চেষ্টায় তাকে গুহার বাইরে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একটি অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক ডেস্ক 













