সংগৃহীত ছবি
রাজধানীর ব্যস্ততম গুলিস্তান এলাকায় ডিউটিরত অবস্থায় নিজেদের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি এবং পরবর্তীতে ধস্তাধস্তির ঘটনায় ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ওই দুই পুলিশ সদস্য হলেন— দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
গতকাল শনিবার ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় চত্বরে কনস্টেবল দিলীপ ও নুরুজ্জামান দুজনেই সরকারি ইউনিফর্ম পরা অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। ওই সময় সিগন্যাল চলাকালে এক দিক থেকে একটি গাড়ি আকস্মিক বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই সহকর্মীর মধ্যে প্রথমে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে তা চরম রূপ নিয়ে হাতাহাতি এবং পরে ধস্তাধস্তিতে গড়ায়। প্রকাশ্য দিবালোকে মাঝসড়কে পুলিশের এমন অনাকাঙ্ক্ষিত আচরণের তথ্য পাওয়ার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে প্রাথমিক সত্যতা যাচাই করে এবং তাদের সাময়িক বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
ট্রাফিক বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি ইউনিফর্ম পরে ডিউটিরত অবস্থায় সড়কের মাঝে দুই ট্রাফিক পুলিশের এমন হাতাহাতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রচণ্ড গরমে যেখানে ১০ মিনিট সূর্যের নিচে দাঁড়ানো কঠিন, সেখানে তারা প্রতিদিন ৮-৯ ঘণ্টা ডিউটি করেন। কাজের চাপে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা কথা-কাটাকাটি হতেই পারে, কিন্তু প্রকাশ্য রাস্তায় হাতাহাতি বা মারামারি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
পুলিশ প্রশাসন জানিয়েছে, সাময়িক বরখাস্তের পর এই দুই কনস্টেবলের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় মামলা দায়ের করা হবে। তবে সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে তারা নিয়ম অনুযায়ী প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

অনলাইন ডেস্ক 













