ছবি : গার্ডিয়ান
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধংদেহী পরিস্থিতির প্রভাব সুদূর আফ্রিকার দেশ সোমালিয়াতেও অত্যন্ত ভয়াবহভাবে অনুভূত হচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক শীর্ষ কর্মকর্তা টম ফ্লেচার সম্প্রতি সোমালিয়ার রাজধানী মোগাদিশু সফরকালে এই গভীর সংকটের কথা তুলে ধরে বিশ্ববাসীকে সতর্ক করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনায় বৈশ্বিক সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ায় সোমালিয়ার সাধারণ মানুষ প্রতিদিন ক্ষুধার সঙ্গে লড়াই করছে।
টম ফ্লেচার সোমালিয়ার বর্তমান আর্থিক ও মানবিক পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, দেশটি আগে থেকেই মানবিক সংকটে নিমজ্জিত ছিল। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে খাদ্য ও জ্বালানির দাম দ্বিগুণ হয়ে গেছে। আমদানি করা খাদ্যের ওপর নির্ভরশীল এই দেশটিতে দ্রব্যমূল্যের এমন উল্লম্ফন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
জাতিসংঘের এই কর্মকর্তা আরও সতর্ক করেছেন যে, চলমান এই সংকটের ধারাবাহিকতায় সোমালিয়া ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আবারও ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, বর্তমানে প্রায় পাঁচ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং গত মাত্র ছয় মাসে দেশটিতে ক্ষুধার মাত্রা দ্বিগুণ হয়েছে। এই মানবিক বিপর্যয় মোকাবিলায় এবং একটি সম্ভাব্য দুর্ভিক্ষ এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।















