সংগৃহীত ছবি
দেশের সীমান্ত রক্ষার অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনবল নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটির ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে পুরুষ ও নারী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। গত ২৪ মার্চ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে। বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
যোগ্যতা ও আবেদনের শর্তাবলি:
সিপাহী (জিডি) পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে (জন্মতারিখ ২০-০৭-২০০৩ থেকে ১৯-০৭-২০০৮ এর মধ্যে)। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে; বিবাহিত বা তালাকপ্রাপ্তরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ ফুট ৪ ইঞ্চি) এবং ওজন কমপক্ষে ৪৯.৮৯৫ কেজি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ ফুট) এবং ওজন কমপক্ষে ৪৭.১৭৩ কেজি হতে হবে। দৃষ্টিশক্তির ক্ষেত্রে উভয় লিঙ্গের প্রার্থীদের ৬/৬ থাকা বাধ্যতামূলক।
বেতন ও সুযোগ-সুবিধা:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা স্কেলে বেতন পাবেন। এছাড়া বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাসস্থান বা বাড়িভাড়া, চিকিৎসাসেবা এবং অন্যান্য সুযোগ-সুবিধা বিজিবির পক্ষ থেকে প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের বিজিবির অফিশিয়াল ওয়েবসাইট (https://bgb.gov.bd) বা বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিংকের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সময়সীমা শেষ হতে আর মাত্র অল্প কয়েক দিন বাকি থাকায় যোগ্য প্রার্থীদের দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।


























