গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন হাওলাদারকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে টঙ্গীর উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মামুনের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
টঙ্গী পশ্চিম থানা সূত্রে জানা যায়, মাদক মামলায় আব্দুল্লাহ আল মামুন হাওলাদারের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি উত্তর আউচপাড়া এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক মামলা বিচারাধীন। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 
























