যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেক তাহো অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় শক্তিশালী তুষারধসের কবলে পড়ে নিখোঁজ আট স্কিয়ারের মরদেহের সন্ধান মিলেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাসল পিক এলাকায় প্রায় একটি ফুটবল মাঠের সমান আয়তনের বিশালাকার তুষারধসটি আছড়ে পড়ে। এতে চারজন গাইডসহ মোট ১৫ জন স্কিয়ার নিখোঁজ হয়েছিলেন। তল্লাশি চালিয়ে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আটজনের নিথর দেহের সন্ধান পাওয়া গেছে। নেভাডা কাউন্টির শেরিফ শ্যানান মুন বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিখোঁজ থাকা নবম ব্যক্তিরও মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। অত্যন্ত দুঃখজনকভাবে, নিহতদের একজন ছিলেন স্বয়ং উদ্ধারকারী দলেরই এক সদস্যের স্ত্রী। সিয়েরা অ্যাভালানশ সেন্টারের তথ্যমতে, এই তুষারধসটি ছিল ‘ডি২.৫‘ মাত্রার, যা আধা মাইলের বেশি বিস্তৃত এবং প্রায় ৬.৫ ফুট গভীর বরফের স্তর তৈরি করতে সক্ষম। তুষারধসের পর ওই এলাকায় আরও প্রায় ৩ ফুট নতুন বরফ পড়ায় এবং তীব্র বাতাস ও স্বল্প দৃশ্যমানতার কারণে মরদেহগুলো এখনও বরফের নিচ থেকে পুরোপুরি বের করা সম্ভব হচ্ছে না।
উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন প্রায় ৫০ জনের একটি চৌকস দল, যাদের স্কি করে মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই ছিলেন ‘ব্ল্যাকবার্ড মাউন্টেন’ গাইডেড ট্যুরের গ্রাহক এবং একজন গাইড। আহতদের হাসপাতালে নেওয়া হলেও তারা শঙ্কামুক্ত। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের দপ্তর থেকে উদ্ধারকাজে সব ধরণের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে পরবর্তী তুষারধসের উচ্চ ঝুঁকির কারণে প্লেসার কাউন্টির শেরিফ ওয়েইন উ সাধারণ মানুষকে আপাতত দুর্গম পাহাড়ি এলাকায় না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
তীব্র তুষারপাতের ফলে ওই অঞ্চলের ইন্টারস্টেট ৮০ ও হাইওয়ে ৫০–সহ প্রধান মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বোরিয়াল মাউন্টেন স্কি রিসোর্ট জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে ৩০ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। উদ্ধারকৃত মরদেহগুলো প্লেসার কাউন্টির মর্গে নেওয়া হবে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আন্তর্জাতিক ডেস্ক 













