ভারত ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক এখন থেকে ‘বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত হলো। মঙ্গলবার বাণিজ্য নগরী মুম্বাইয়ের রাজ্যপাল আবাস ‘লোকভবন’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিন দিনের সফরে আসা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর মধ্যে অনুষ্ঠিত এক দীর্ঘ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উভয় নেতা সামরিক সহযোগিতা আরও জোরালো করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই সফরের অন্যতম বড় অর্জন হিসেবে ১১৪টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করা হয়েছে, যা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রঁর এই সফরকালে সামরিক ও বেসামরিক মিলিয়ে ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতে ‘হ্যামার’ ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং কর্ণাটক রাজ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার ‘অ্যাসেম্বলি’ কারখানার উদ্বোধন। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সকে ভারতের প্রাচীনতম ও বিশ্বস্ত কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করেন। অন্যদিকে, প্রেসিডেন্ট ম্যাক্রঁ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ভারতকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সস্ত্রীক তিন দিনের সরকারি সফরে সোমবার রাতে মুম্বাই পৌঁছান এমানুয়েল ম্যাক্রঁ। মুম্বাইয়ের কর্মসূচি শেষে বুধবার ও বৃহস্পতিবার তিনি দিল্লিতে অবস্থান করবেন। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংক্রান্ত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগদানসহ বেশ কিছু উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেবেন। প্রতিরক্ষা ও প্রযুক্তির এই সেতুবন্ধন দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আন্তর্জাতিক ডেস্ক 














